নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার পাঁচ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন যুবদলের নেতা-কর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল ,সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, মাসুম রানা সবুজসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মিছিল হবে, সেই এলাকার জাতীয়তাবাদী দলের কমিটি বাতিল করা হবে।
এর আগে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহসভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।