ফিচার

গভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্ন

By daily satkhira

September 22, 2026

নিজস্ব প্রতিনিধি :  প্রায় এক দশক আগে পরিবারের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রাম ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলেন মরিয়ম খাতুন। জীবনের শেষ যাত্রায় আবারও সেই গ্রামের মাটিতেই ফিরলেন তিনি। তবে জীবিত নয়, নিথর মরদেহ হয়ে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম পাটোয়ারী।

এর আগে রাত প্রায় ১১টার দিকে কপোতাক্ষ নদ পেরিয়ে ট্রলারে করে মরিয়মের মরদেহ গাবুরার সরদারপাড়ায় পৌঁছায়। ঢাকায় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহ সাতক্ষীরায় আনা হয়। পরে সড়কপথে ও নদীপথ পেরিয়ে মরদেহ পৌঁছায় তার জন্মভূমিতে। সঙ্গে ছিলেন মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ, মা, দাদি, নানি, ফুপা, ফুপি ও ছোট চাচা মোতাসিম বিল্লাহসহ স্বজনরা।

মরদেহ পৌঁছানোর পর গাবুরা পশ্চিমপাড়া সরদারবাড়ি জামে মসজিদের পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা জানাজায় ইমামতি করেন। এতে স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ইউপি সদস্য গোলাম মোস্তফা এবং শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ রায় ও বদিউজ্জামান উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাত ১টার দিকে পারিবারিক কবরস্থানে মরিয়মকে দাফন করা হয়।

জানাজায় ইউপি সদস্য গোলাম মোস্তফা মরিয়মের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে উপস্থিতদের প্রতি আহ্বান জানান।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরিয়মের পরিবারের অভিযোগ, তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আইলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পর মরিয়মের বাবা মাসুম বিল্লাহ পরিবার নিয়ে চৌদ্দরশি গ্রাম ছেড়ে প্রথমে শ্যামনগরের ঈশ্বরীপুর এলাকায় এবং পরে যশোরের নওয়াপাড়ায় বসবাস করেন। প্রায় ৮ থেকে ১০ বছর আগে পরিবারটি ঢাকায় চলে যায়। এরপর মগবাজার ও পল্লবী-কালশী এলাকায় বসবাস করছিল তারা।

দীর্ঘদিন পর সেই চৌদ্দরশির মাটিতেই শেষ ঠিকানা হলো মরিয়মের। জীবনের শেষ যাত্রায় নিজের শেকড়ের কাছে ফিরলেন তিনি—নিথর মরদেহ হয়ে।