নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের লাবসায় সাধারণ মানুষের বিভিন্ন সেবা নিয়ে ‘পাবলিক হেয়ারিং’ (গণশুনানি) অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় লাবসা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত পাবলিক হেয়ারিংয়ে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাক।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের দিশা প্রকল্পের আয়োজনে এবং “নাগরিক সংগঠনের অংশগ্রহণে জবাবদিহিতা সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান, উপসহকারী কৃষি কর্মকর্তা (লাবসা ইউনিয়ন) আমিনুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে স্থানীয় নাগরিক সমাজ, প্রান্তিক জনগোষ্ঠী এবং সাধারণ জনগণের সুশাসন ও অধিকার নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অভিগম্যতা বৃদ্ধি এবং নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এ ধরনের পাবলিক হেয়ারিং বা গণশুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় নাগরিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেলে নাগরিক সেবার মান আরো উন্নত হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষিত হবে।##