নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নিরাপদ ভাবে পালনের উদ্দেশ্যে সদরের দুটি মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের সার্বজনীন দুর্গামন্দির এবং রাত ৮.৩০ মিনিটে সাতক্ষীরা শহরে মায়ের বাড়ি কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব । এ সময় মন্দিরের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “বিএনপি সরকার গঠনের পর এবারই প্রথম সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আমরা চাই, সারা বাংলাদেশে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব পালিত হোক।” তিনি আরও বলেন, সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জেলার সব স্থানে দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
এ সময় উভয় মন্দিরের কর্তৃপক্ষের হাতে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির সাবেক প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, ধুলিহর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল, বাংলাভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হুসাইনসহ উভয় মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।