ফিচার

আশাশুনিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

By daily satkhira

October 19, 2026

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আশাশুনি উপজেলার নাকতাড়া কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, সব্দালপুর সার্বজনীন দুর্গা মন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির ও বুধহাটা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন বাংলাদেশে এই প্রথমবারের মতো দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আমরা চাই শুধু সাতক্ষীরা নয় বাংলাদেশ ব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে। শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদ্‌যাপন করতে হবে। পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

দুর্গোৎসবের শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পরিদর্শন কাল আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।