ফিচার

সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতার

By daily satkhira

October 28, 2026

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরার শ্যামনগরে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোজাম্মেল মিস্ত্রী (ডিসিস্ট) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার ১ ও ২ নম্বর এজাহারনামীয় প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরা জেলা।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— জিসান হোসেন ওরফে বিজয় বাবু ওরফে জিহান (২৪), পিতা- মোঃ ইস্রাফিল মিস্ত্রী এবং আবুজার গিফারি (২২), পিতা- মোঃ ওমর ফারুক। উভয়ের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরিপুর এলাকায়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় মোজাম্মেল মিস্ত্রী শ্যামনগর থেকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোপালপুর ব্রিজের ওপর পৌঁছালে পূর্ব বিরোধের জেরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ অক্টোবর বিকেল ৫:১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে তোজাম্মেল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা (নম্বর-২২, তারিখ- ২০/১০/২০২৬ খ্রিস্টাব্দ) দায়ের করেন।

মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হওয়ায় পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশে ও পুলিশ সুপার, পিবিআই খুলনা জেলা (অতিরিক্ত দায়িত্ব, পিবিআই সাতক্ষীরা)রেশমা শারমিন এর তত্ত্বাবধানে মামলার তদন্তভার ন্যস্ত হয় এসআই (নিরস্ত্র) মোঃ তুহিন গাজীর ওপর। পরবর্তীতে পিবিআই সাতক্ষীরার একটি চৌকস দল পিবিআই সিলেট জেলার সহযোগিতায় গত ২৭ অক্টোবর বিকেল ৪টার দিকে সিলেট মহানগর এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ ২৮ অক্টোবর ২০২৬ তারিখে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।