ফিচার

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

By daily satkhira

November 04, 2026

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মামলার সাক্ষী হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক নারীর মুদি ও চায়ের দোকানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ হাসিনা খাতুন (৪৭) নামের ওই নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার যুগরাজপুর গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ হাসিনা খাতুনের সাথে একই এলাকার মুরোদ হোসেন ও আহাদসহ কিছু ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি মামলায় সাক্ষী হওয়ার পর থেকেই বিবাদীরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায়, গত ০৩নভেম্বর ভোর রাতে সাতক্ষীরার লাবসা বাইপাস এলাকায় অবস্থিত বাদীর নিজস্ব মুদিখানা ও চায়ের দোকানটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর আগে বিবাদীরা দোকানে আগুন ধরিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ভুক্তভোগী নারীর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনাটি নাইট গার্ড আবদুল খালেক দেখেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্তকরণ, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।