ফিচার

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মানষিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

By daily satkhira

November 05, 2026

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী পরিবহনচাপায় নিহত হয়েছেন। বৃহষ্পতিবার ভোরে এঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহষ্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে তার মায়ের লাশ সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। ঘটনাস্থলে যেয়ে তিনি তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামি বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা তার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম আগরদাড়ী ইউনিয়নের মেম্বর তরিকুল ইসলামের বরাত দিতে জানান, ওই নারী সম্পর্কে তরিকুল ইসলামের চাচী হন। তিনি মানষিক ভারসাম্যহীন ছিলেন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।