ফিচার

সাতক্ষীরায় নির্মিত হলো জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’

By daily satkhira

November 05, 2026

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এর কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে নির্মিত হয়েছে জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন (A Card, A Dream)’। ঘাসফড়িং ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন মোঃ আসিফুল আলম (আসিফ)।

সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরাসহ শহরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে চলচ্চিত্রটির বিভিন্ন দৃশ্যের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহ কার্যক্রম, উপকারভোগী নির্বাচন এবং এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় ও সহযোগিতায় অংশগ্রহণ করেছেন কৃষি কর্মকর্তা জিয়াউল হক (জিয়া), খালেদুর রহমান (বাচ্চু), ছন্দা, অভিনেতা মনিরুল ইসলাম (মনির), মনিরা, আফরিন, বিজলি, মিম, তাসমিন, মায়া, মায়মুনা, ফাতেমা, আল-আমিন ও নয়নসহ সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা। পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্যকর্মী, ক্যামেরাম্যান এবং স্থানীয় এলাকাবাসীও শুটিং কার্যক্রমে সহযোগিতা করেন।

চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছেন মোঃ মশিদুল হক, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা। এছাড়া বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

পরিচালক মোঃ আসিফুল আলম (আসিফ) জানান, সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সহজ ও সাবলীলভাবে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিই চলচ্চিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় শুটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।