ফিচার

ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

By daily satkhira

November 08, 2026

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দর থেকে ১০ টন চাল আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনায় আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আজ রোববার সাতক্ষীরা সদর থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১০ মে বিকেলে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে যশোর নওয়াপাড়ার ‘এমবিকে এন্টারপ্রাইজ’-এর ম্যানেজারের নিকট পৌঁছে দেওয়ার জন্য ২০০ বস্তা চাল ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-১৯৫৩) লোড করা হয়। চালের ওজন ছিল ১০ টন, যার বাজারমূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা। চালক মোঃ সিরাজ মিয়া (৬৩) ও অজ্ঞাতনামা ব্যক্তিরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেও পণ্য নির্ধারিত স্থানে পৌঁছায়নি।

পরে কোনো খোঁজ না পেয়ে ‘জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সি’র ম্যানেজার শ্রী সাধন দাস বাদী হয়ে গত ১৭ মে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা (নম্বর-৩২, জিআর-২৩৩) রুজু করা হয়।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সাকিল জোয়ার্দ্দার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাগুরার শালিখা থানা এলাকা থেকে মোঃ সোহাগ হোসেন (৩৫) নামের একজনকে প্রথমে গ্রেফতার করেছিলেন। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করেন বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সমীর গাইন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালী, বায়েজিদ বোস্তামি ও বাকলিয়া থানা এলাকা থেকে ৩ জন এবং কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে ১ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া, ঘটনার সময় নম্বর প্লেট পরিবর্তন করে অপরাধ ঢাকলেও চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে অপরাধে ব্যবহৃত ট্রাকটি (চট্টগ্রাম মেট্রো-ট-১১-৯৩৮৪) জব্দ করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন তদন্ত কর্মকর্তা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আসামিরা পরস্পর যোগসাজসে বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে চাল আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।