শ্যামনগর প্রতিনিধি: উপকূলীয় শ্যামনগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন, বিদ্যমান পানির উৎস চিহ্নিতকরণ এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুন্দরবন কোয়ালিশন প্রকল্পের আওতায় সিডিওর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুপেয় পানির উৎস নির্ধারণ, ম্যাপিং ও জোনিং কার্যক্রমের অগ্রগতি এবং প্রাথমিক তথ্য উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়নেই কমবেশি সুপেয় পানির সংকট রয়েছে। তবে কোন এলাকায় কী ধরনের পানির সমস্যা রয়েছে, কোন কোন পানির উৎস বর্তমানে সচল বা অচল এবং কোথায় নতুন পানির উৎস প্রয়োজন—এসব বিষয়ে ইউনিয়নভিত্তিক সমন্বিত ও হালনাগাদ তথ্যভান্ডার নেই। ফলে পানি সংকট মোকাবিলায় পরিকল্পিত উদ্যোগ গ্রহণে নানা সীমাবদ্ধতা রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলার সুপেয় পানির উৎসগুলো চিহ্নিতকরণ, পানির সমস্যাপ্রবণ এলাকা নির্ধারণ, বিদ্যমান উৎসগুলোর অবস্থান ম্যাপিং এবং প্রয়োজন অনুযায়ী জোনিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে সুপেয় পানি সরবরাহ ও পানি সম্পদ ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা জেলার অন্যান্য উপজেলায় উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি না থাকলেও শ্যামনগরে সুপেয় পানি ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটি পানি সংকট চিহ্নিতকরণ ও সমাধানে সমন্বিতভাবে কাজ করবে।
সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মনরুজ্জামান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আযম মনির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল্লাহ, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, ফ্রেন্ডশিপের রিজিওনাল কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেন, প্রভাষক সাইদ উজ জামান সাইদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান লবণাক্ততা এবং নিরাপদ পানির উৎসের সীমাবদ্ধতার কারণে উপকূলীয় শ্যামনগরে সুপেয় পানির সংকট একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও জীবন-জীবিকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় ইউনিয়নভিত্তিক পানির উৎসের তালিকা প্রণয়ন, সংকটাপন্ন এলাকা চিহ্নিতকরণ, নিয়মিত তথ্য হালনাগাদ এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
তারা আরও বলেন, সুপেয় পানির উৎসের তথ্য ম্যাপিং ও জোনিং করা হলে কোন এলাকায় কী পরিমাণ পানির চাহিদা রয়েছে এবং কোথায় কী ধরনের পানির উৎস প্রয়োজন—তা সহজেই নির্ধারণ করা সম্ভব হবে। ফলে ভবিষ্যতে নতুন পানির উৎস স্থাপন, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
এ উদ্যোগের মাধ্যমে শ্যামনগরের প্রতিটি ইউনিয়নে সুপেয় পানির চাহিদা, বিদ্যমান উৎস এবং সংকটাপন্ন এলাকার একটি সমন্বিত চিত্র তৈরি হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থার উন্নয়ন পরিকল্পনা গ্রহণে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।