দেবহাটা

দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব

By daily satkhira

November 14, 2026

দেবহাটা প্রতিনিধি : খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের সক্ষমতা বৃদ্ধি, সুরক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (SPiRiT-CALL)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ক্রীড়া উৎসবে বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য বালিশ পাসিং খেলার আয়োজন করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবকদের জন্য চেয়ার সিটিং, হাড়িভাঙা, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের SPiRiT-CALL প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন বয়সী শিশু-কিশোর এবং তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন সখিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর শিমুল হোসেন ও সুমাইয়া পারভিন রিজমা এবং মাস্টার কোচ রুমা পারভীন ও শফিকুর রহমান। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।