ফিচার

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

November 18, 2026

প্রেস বিজ্ঞপ্তি : ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাধারণ কেমিস্টদের আহ্বানে সার বাংলাদেশে এক যোগে বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকা ও সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার কর্মকর্তা, সাধারণ কেমিস্টসবৃন্দ ও ঔষধ ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিসিডিএস-এর মাধ্যমে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে ফার্মেসি কাউন্সিল কর্তৃক বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় দেশের সাধারণ ঔষধ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়বেন।

বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ন্যায় বিসিডিএস-এর মাধ্যমেই উক্ত কোর্স পরিচালনার জোর দাবি জানান। অন্যথায়, সারাদেশের ঔষধ ব্যবসায়ীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।