শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদলের একাংশ। শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে এই মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
আয়োজকদের দাবি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সাংগঠনিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই শোডাউনের আয়োজন করা হয়। শোডাউন চলাকালে নেতাকর্মীরা দলীয় ও প্রতিবাদী বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাফিজ আল আসাদ কল্লোলসহ স্থানীয় যুবদল নেতারা বক্তব্য দেন। এ সময় তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।