শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) ও শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন, আল আজিমসহ স্থানীয়রা জানান বুধবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোল ও তাদের কর্মী সমর্থকরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হয়।
এসময় আগে থেকে উক্ত মার্কেটের দোতলায় সভায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গোপন বৈঠকে অংশ নেয়া জাপা(এ) এর গাবুরা ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহমান বাবু ওরফে প্রেশার বাবুসহ ১০/১২ জন দৌড়ে পালিয়ে যায়। তবে সেখানে উপস্থিত লোকজন চারিদিকে ঘেরাও করে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা এ দুজনের মারধর শুরু করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে আটক দুই আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকে থানায় নিয়ে যায়।
ঘটনার এসব প্রত্যক্ষদর্শীসহ মনিরুজ্জামান বাবু, জীবনসহ স্থানীয়রা জানান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ী কমিটির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ ও যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর উক্ত সভায় উপস্থিত ছিলেন। বিএনপি ও যুবদল নেতা কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বৈঠকে উপস্থিত লোকজনকে ঘেরাও করে ফেললে আব্দুল ওয়াহেদ ও আনোয়ারুল ইসলাম আঙ্গুর, আব্দুল হাকিম ও আব্দুর রহমান বাবুকে নিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে।
যুবদল আহবায়ক শফিকুল ইসলাম তুলে জানান , যখন দেশব্যাপী নৈরাজ্য শুরু করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সময়ে পতিত সরকারের নেতৃবৃন্দকে নিয়ে গোপনে বৈঠক দলের নেতাকর্মীদের দারুণভাবে মর্মাহত করেছে। এ ঘটনার তিনি তদন্ত দাবি করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান বিক্ষুব্ধ জনতা দুজনকে আটকদের পর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা বলে প্রাথমিক তথ্য মিলেছে। এদিকে দুপুর ও সন্ধ্যায় শরিফুল ইসলাম সোহাগ ও আবু বক্কর সিদ্দিক নামের যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়।