ফিচার

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ক্ষতির মুখে পড়েছে আমন ধান ও শীতকালীন সবজির আবাদ

By daily satkhira

November 23, 2026

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন ধান ও শীতকালীন সবজির আবাদ। মাঠে কেটে রাখা পাকা ধান পানিতে ভিজে গেছে।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শীতকালীন সবজির খেতও। পেঁয়াজ, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পালংশাকসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের আমন মৌসুমে সাতক্ষীরায় ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। অন্যদিকে চলতি রবি মৌসুমে জেলায় ৯ হাজার ৬৯০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত বুধবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে পানি জমেছে। জেলার এক-তৃতীয়াংশ জমিতে আমন ধান কেটে রাখা হয়েছিল। পানিতে ভিজে সেসব ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জমা পানিতে শীতকালীন সবজির চারা ও গাছ পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্থ হয়ে আমন ২২৭১ হেক্টর, সরিষা ২৭২৯ হেক্টর, শাকসবজি ৫২১ হেক্টর আলু ১৫ হেক্টর, খেসারী ০৭ হেক্টর, মরিচ ০৪ হেক্টর, পেঁয়াজ ১৬ হেক্টর, রসুন ০৪ হেক্টর। মোট আক্রান্ত হয়েছে ৫৫৬৭ হেক্টর জমি ।

সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের কৃষক গোলাম হোসেন পাঁচ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে কেটে রাখা ধান এখন পানিতে ভাসছে। ধারদেনা করে আবাদ করেছিলেন তিনি। ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন কীভাবে দেনার টাকা পরিশোধ করবেন, তা নিয়ে চিন্তায় তিনি।

শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামের কৃষক ইমরান হোসেন জানান, বিলের অধিকাংশ জমিতে কেটে রাখা ধান এখন পানিতে ভাসছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার কৃষকরা।

নগরঘাটা গ্রামের কৃষক কেরামত আলী দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে পানি জমে তার সবজি খেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তিনি।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, ‘টানা বৃষ্টিতে মাঠে থাকা ও কেটে রাখা আমন ধান এবং শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দীর্ঘসময় পানি জমে থাকলে সবজির চারা ও গাছের গোড়া পচে যেতে পারে। কাটা ধান ভিজে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি অঙ্কুর গজানোর আশঙ্কাও থাকে।’ আবহাওয়া স্বাভাবিক হলে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করা হবে। কৃষকদের দ্রুত জমির পানি নিষ্কাশন এবং ফসল রক্ষায় প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।