নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এসিড সন্ত্রাস প্রতিরোধ, এসিড সারভাইভরদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এবং ‘একশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় গঠিত এসিড সারভাইভরদের সংগঠন ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’-এর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) এস এম রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এম কামরুজ্জামান, শরিফুল্লা কায়সার সুমন, গোলাম সরোয়ার, এম বেলাল হোসেন, সাকিবুর রহমান বাবলাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
তীব্র বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো এসিড সারভাইভাররা অনুষ্ঠানে তাঁদের উৎপাদিত শাকসবজি ও হাঁস-মুরগির প্রদর্শনী স্টল নিয়ে অংশগ্রহণ করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে জানানো হয়, অতীতে সাতক্ষীরায় ১৬৩ জন এসিড আক্রান্ত সারভাইভর চিহ্নিত হয়েছিলেন (যার মধ্যে নারী ১০৭ জন, পুরুষ ৪৫ জন এবং শিশু ১১ জন)। ২০০৪ সাল থেকে একশনএইড বাংলাদেশ ও ‘স্বদেশ’ সংস্থা সাতক্ষীরায় এসিড সন্ত্রাস বন্ধে কাজ শুরু করে এবং ২০০৯ সালে স্বদেশের মাধ্যমে সাতক্ষীরা জেলায় আনুষ্ঠানিকভাবে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৮০ জন। যৌথ প্রচেষ্টায় বর্তমানে সাতক্ষীরায় নতুন করে এসিড সন্ত্রাসের হার শূন্যের কোঠায় নেমে এসেছে।
বক্তারা বলেন, শারীরিক ও চিকিৎসাগত সীমাবদ্ধতা, সামাজিক কুসংস্কার, পুঁজির অভাব এবং আইনি জটিলতার মতো নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্বদেশ, একশনএইড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় সাতক্ষীরার সারভাইভররা আজ ঘুরে দাঁড়িয়েছেন। প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে অন্তত ৫০ জন সারভাইভর সফল উদ্যোক্তা হয়েছেন, সবার ব্যাংক হিসাব ও প্রতিবন্ধী ভাতা কার্ড নিশ্চিত হয়েছে এবং সাতক্ষীরার কয়েকজন সারভাইভর লন্ডন ফ্যাশন শো-তে অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এ সময় বক্তারা সারভাইভরদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপন, নিজস্ব অফিস প্রতিষ্ঠা ও সমবায়ভিত্তিক খামার গড়ে তোলার দাবি জানান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রশাসনের পক্ষ থেকে সারভাইভরদের যেকোনো প্রয়োজনে ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সভায় বাংলাদেশের এসিডবিরোধী আন্দোলনের অগ্রদূত প্রয়াত নাসরিন পারভীন হক-এর প্রতি গভীর শ্রদ্ধা এবং অনন্যা পুরস্কারপ্রাপ্ত উন্নয়নকর্মী নূরুন নাহারের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।##