নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর (গোডাউন মোড়) এলাকার বাসিন্দা। তাঁর আদি বাড়ি উপজেলার জয়নগর গাজী বাড়িতে। তিনি স্থানীয় ইজিবাইক চালক হাফিজুর ও মাজিদ মিস্ত্রির মেজ ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আব্দুল আজিজ। পথিমধ্যে বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয় এবং তাঁর স্ত্রী রাবেয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং অবস্থার অবনতি হলে সাতক্ষীরায় রেফার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউর রহমান পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ছেলের বিয়েকে ঘিরে বাড়িতে যখন আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, ঠিক সেই মুহূর্তে এমন দুর্ঘটনার খবরে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।