ফিচার

খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মৌনবন্ধন: ডিসি বরাবর স্মারকলিপি

By daily satkhira

November 25, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের সকল খাল অবৈধ দখল মুক্ত করে জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি এবং শুষ্ক মৌসুমে মিষ্টি পানির সংকট নিরসনের দাবিতে মৌনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামনগর উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বক্তব্য রাখেন,শ্যামনগরের বাসিন্দা সুমাইয়া কামাল, পিযুষ বাউলিয়া, পুস্পরাণী, নাগরিক নেতা কল্যাণ ব্যানার্জি, আলীনুর খান বাবুলসহ অন্যরা।

শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় জনগণের আয়োজন বক্তারা বলেন, শ্যামনগরের ২০৫টি খালের মধ্যে অধিকাংশ খালই প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছে। কোন কোন স্থানে ভরাট, বাঁধ নির্মাণ এবং খালের শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্ত দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাবে ২০২৫ ও ২০২৬ সালের বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ

তে আমন ধানের বীজতলা দুই থেকে তিন দফা নষ্ট হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ির পুকুর, মাছের ঘের, ঘেরের পাড়ের সবজি ও কৃষিজমি। অন্যদিকে শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহারে বাধা থাকায় অনেক কৃষিজমি অনাবাদি পড়ে থাকছে। উপজেলার রমজাননগর, কৈখালী, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের আটকাঠা, দরগাবাড়ি, মৌকাটলা, নিমতলা, চরাকচর, হাসার, তেরকাটি, নগরকাঠি, বাইনবুড়ি, শিমিনখালী এবং কুলতলী-ধানখালী সংযোগসহ বিভিন্ন খাল দখল, অবৈধ বন্দোবস্ত ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, উপকূলীয় শ্যামনগরের ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় কৃষকেরা মূলত বর্ষার বৃষ্টির পানি ও খালের মিষ্টি পানির ওপর নির্ভরশীল। খাল বন্ধ হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দেখা দিচ্ছে। এতে ফসল উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জীবিকা ও স্থানীয় মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

খালের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ, জনস্বার্থবিরোধী বন্দোবস্ত বাতিল, দ্রুত খাল পুনঃখনন এবং ইউনিয়নভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে কৃষকদের মধ্যে ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকারীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগে খালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মিষ্টি পানির প্রাপ্যতা ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়ন সম্ভব হবে।