নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় স্ত্রী নাছিমা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে একই উপজেলার মাধবকাটি গ্রামের শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে।
একসময় শওকত আলী তার স্ত্রীকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে। এদিকে, শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চরমে উঠে। পরবর্তীতে নাছিমা খাতুন তার ছেলে-মেয়েদের নিয়ে ইটাগাছা পুলিশ ফাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে আসেন। একপরযায়ে শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেন। এসব নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ২৮ আগস্ট রাত ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার ক্রমাবনতিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পহেলা সেপ্টেম্বর তিনি মারা যান। তবে মৃত্যুর আগে সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন। নাছিমা খাতুন গুরুতর অগ্নিদগ্ধ হওয়ার পরের দিন ২৯ আগস্ট তার মা রাবেয়া খাতুন শওকত হোসেনসহ ৪ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় আদালত ৭ জনের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাসের আদেশ দেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বলেন,রাস্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।