ফিচার

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

By daily satkhira

November 29, 2026

প্রেস বিজ্ঞপ্তি : শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) প্রশিক্ষণটি শেষ হয়। এর আগে শনিবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের ম্যাংগ্রোভ সভাঘরে ‘সিএসটি প্রতিরোধ, নিরাপদ রেফারেল ও নেতৃত্ব বিকাশে সারভাইভার লিডারদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় রাইটস যশোর এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয় দ্য ফ্রিডম ফান্ড। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, শিবপুর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সারভাইভার লিডার গ্রুপের (এসএলজি) ১০ জন সদস্য অংশ নেন।

জানা গেছে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। প্রকল্পটির আওতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।