দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া–কোমরপুর সড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই লোহার ব্রিজটি এখন পরিণত হয়েছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারুলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র থেকে কোমরপুর, শাখরা বাজার হয়ে ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই ব্রিজ। কিন্তু ব্রিজটির স্টিল ফ্লোরের বিভিন্ন অংশে জং ধরে গেছে এবং অনেক জায়গা ভেঙে নষ্ট হয়ে পড়েছে। কোথাও কোথাও ফ্লোরের সিট খুলে গেছে, ফলে চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষ করে রাতের অন্ধকারে ব্রিজটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং অনেকেই আহত হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙনের চিহ্ন স্পষ্ট।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে একই অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজ পার হচ্ছি, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”
এছাড়াও শাখরা বাজার সংলগ্ন স্কুল ও কোমরপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা অভিভাবকদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী দ্রুত ব্রিজটির সংস্কার, ক্ষতিগ্রস্ত ফ্লোর মেরামত এবং প্রয়োজন হলে নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সমস্যার সমাধান হয়।

