শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি মন্দিরসংলগ্ন ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে স্পিডবোটযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করা হয়। জব্দকৃত বালুর পরিমাণ প্রায় ৫ হাজার ৩০০ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ২০০ টাকা।
পরে বাল্কহেডটি বিজিবির পল্টন ঘাট এলাকায় নিয়ে আসা হলে খবর পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মারুফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
আদালত অবৈধ বালু উত্তোলনের দায়ে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. নজরুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের জিল্লুর গাজীর ছেলে মো. আক্তারুল জামান (৩০)-কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি পিভিসি পাইপ ভেঙে আগুন দিয়ে ধ্বংস করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭ বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক করা হয় জব্দকৃত বাল্কহেডটি তাদের পল্টনসংলগ্ন এলাকায় রাখা হয়েছে।

