শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে তিনটি বেকারীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি বেকারিতে পাওয়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
বুধবার (১৫জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক।
অভিযানে শ্যামনগর বাজারের নিউ সুন্দরবন বেকারীর স্বত্বাধিকারী বিজয় কৃষ্ণ সাহা (পিতা- বলরাম সাহা)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় শ্যামনগর বাজারের রয়েল ফুডস বেকারীর স্বত্বাধিকারী মাকসুদুর রহমান (পিতা- মরহুম শেখ আব্দুল মান্নান)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নুরনগর বাজারের সোনার বাংলা বেকারীর স্বত্বাধিকারী নিশিকান্ত (পিতা- বিন্দাবন অধিকারী)-কে একই আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযান চলাকালে রয়েল ফুডস বেকারী ও সোনার বাংলা বেকারীতে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
অভিযানের বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

