নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
বারসিকের ইনগেজ প্রকল্পের আয়োজনে জেলা সিএসও কমিটির সভাপতি অ্যাড. নাজমুন নাহার ঝুমুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রফেসর আব্দুল হামিদ, গ্রীণ কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আবু আফফান রোজ বাবু, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড-২ এর এসও লিয়াকত আলী, প্রজেক্ট অফিসার কুমারেশ চন্দ্র বাউলিয়া, এরিয়া অফিসার রোকসানা পারভীন, জেলা সিএসও’র যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা সিএসও’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
সংলাপে উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, প্রকৃতির সাথে ক্ষমতা খাটে না। প্রকৃতির সাথে ক্ষমতা দেখাতে গেলে এখানে বাসযোগ্যতা হারাবেন। প্রকৃতির সাধারণ গতিপথ আটকাবেন। সে তার নিজের মত রাস্তা তৈরি করে নেবে। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ইতোমধ্যে বর্ষার সময় বর্ষা হচ্ছে না। শীতকালে শীত পড়ে না। ইচ্ছামত নদী খাল দখল করে গতি পথ আটকানো, নির্বিচারে গাছপালা কাটা, বালু উত্তোলনের কারনেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যদি সচেতন না হই তাহলে আগামীতে এ অঞ্চলে আমাদের বসবাসের সুযোগ থাকবে না। সুতরাং নিজেদের সচেতন হতে হবে। প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিতে হবে। তাহলে পরিবেশগত সংকট নিরসন সম্ভব হবে।

