নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নতুন মাদক ‘কুশ’সহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাধবকাঠি বাজার এলাকা থেকে ১২ কেজি কুশ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে সাতক্ষীরা ৩৩ বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।
আটককৃত মোঃ তারিকুজ্জামান (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবি হেড কোয়াটারে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান বিজিবি খবর পায় ভারত থেকে নতুন আসা ‘কুশ’ নামের একটি মাদকের চালন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর হয়ে ঝাউডাংগা বাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পশ্চিম মাধবকাঠি বাজার এলাকায় কৌশলে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টায় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ কেজি নতুন প্রকৃতির মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া ২ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোনসহ সর্বমোট ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রক্রিয়াজাতকৃত এক ধরনের নতুন ও অত্যন্ত বিপজ্জনক মাদক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ (THC) রাসায়নিক মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হচ্ছে।

