কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মায়ের সাথে একটি শোকাহত পরিবারের স্বজনদের সান্ত্বনা দিয়ে বাড়ি পথে দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় শিশু মোস্তাকিম। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা মুসলিমা খাতুন। মোস্তাকিম কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহীদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় পোল্ট্রি বহনকারী একটি গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ময়না তদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

