জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে শহরের ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি পরিচালনা ও পর্যবেক্ষণ করেন। একই সাথে শহরজুড়ে পথচারী, সাধারণ নাগরিক এবং যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এডিস মশার বাহক রোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সচেতন হতে হবে সর্বস্তরের জনগণকে। আপনার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মাদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলামসহ অন্যরা।

