নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়ন ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর বাস্তবায়নে এবং নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহায়তায় পরিচালিত ‘হোপ’ প্রকল্পের জেলা মানবাধিকার সুরক্ষা দল (সিএসও)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা মানবাধিকার সুরক্ষা দলের সদস্যরা অংশ নিয়ে জেলার সার্বিক সামাজিক সমস্যা, সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং এসব সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভার শুরুতেই প্রকল্পের চলমান কার্যক্রম ও অর্জিত অগ্রগতি তুলে ধরেন রিইব-এর প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান।
তিনি স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা জোরদার করা, বিদ্যমান সামাজিক সমস্যা নিরসন এবং সিএসও সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে সিএসও সদস্য বেলাল হোসেন ও আসাদুজ্জামান মধু বলেন, সমাজে সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা বিধান, শিশু অপহরণ ও ধর্ষণ রোধসহ মানবাধিকার নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। তারা তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ বৃদ্ধি এবং যেকোনো ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত ও সমন্বিত প্রয়াস গ্রহণের জোর দাবি জানান।
সভায় সম্প্রতি সাতক্ষীরা সদরে যৌন সহিংসতার শিকার এক প্রতিবন্ধী শিশুর পরিবারকে প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।
এ বিষয়ে নির্যাতিত শিশুটির পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও প্রশাসনিক সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার সম্মতি ব্যক্ত করেন উপজেলা সিএসও সদস্য হাজী আইয়ূব আলী ও মাহফুজা পারভীন লিপি।
মাহফুজা খাতুন লিপির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রিইবের টেকনিক্যাল অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর তাহেরা সিদ্দিকা এবং এরিয়া সমন্বয়কারী রেখা খাতুনসহ জেলা সিএসও-এর অন্যান্য সদস্যরা। অংশগ্রহণকারীরা পর্যায়ক্রমে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং আগামী দিনে স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় সমন্বিত রূপরেখা নিয়ে আলোচনা করেন।##

