আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক টর্নেডো বা প্রবল ঘূর্ণিঝড়ে পাঁচটি কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে খোলা আকাশের নিচে মানবিক ও কষ্টকর দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
শনিবার ভোরে উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বাইনতলা গ্রামে হঠাৎ ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই ডিসিআর জমিতে বসবাসকারী তিন ভাই—সাহেব আলী মোল্লা, দাউদ মোল্লা ও আইয়ুব আলী মোল্লার ৫টি ঘরের টিন ও অ্যাসবেস্টসের চাল উড়ে যায় এবং কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ে। এতে ঘরগুলো সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু জানান, “ঘটনাটি শোনার পর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসারকে (পিআইও) খোঁজ নিতে বলা হয়েছে। শনিবার সরকারি ছুটি থাকায় পরিদর্শন সম্ভব হয়নি; তবে রোববার সরজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা আব্দুল গফুর সানা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সমবেদনা জানান এবং নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

