নিজস্ব প্রতিনিধি : মেক ইউনিটি ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদরে বিজনেস অপরচুনিটি ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে একটি বিশেষ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে শহরের রয়েলপ্লাস কনভেনশন হলে “ইউনিটি গ্রুপ”-এর উদ্যোগে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর সাতক্ষীরা সদর’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের পরিচালনাধীন চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন সম্ভাবনাময় খাতের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, প্রপার্টি সলিউশন, পর্যটন এবং কৃষি খাতে নতুন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন। তিনি বলেন, “ইউনিটি গ্রুপ সবসময় পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। যশোর ও সাতক্ষীরা অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে সূচনা বক্তব্য প্রদান করেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।
সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর আশিকুল আজীজ শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সুধীজনদের সাথে উন্মুক্ত মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ভাগাভাগি করা হয়। উক্ত আয়োজনে স্থানীয় শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, উদীয়মান উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ ইউনিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।#

