নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনে একের পর এক জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন উপকূলের বনজীবীরা। কখনো জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার, আবার কখনো এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে।
নৌকাপ্রতি অগ্রিম টাকা আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি কয়েক দফা অপহরণের ঘটনায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক বনদস্যু বাহিনী। বনদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন জেলে-বাওয়ালিরা। এমন পরিস্থিতিতে বনদস্যু নির্মূল ও নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথে নৌকা নিয়ে এ কর্মসূচি পালন করেন উপকূলীয় বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা। বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহৃত জেলেদের উদ্ধার এবং বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা এ কর্মসূচিতে অংশ নেন।
সাম্প্রতিক ঘটনাগুলোতে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে। গত ১৪ অক্টোবর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দুই জেলেকে অপহরণ করে তাঁদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ ওঠে। টাকা না দিলে সাত দিনের মধ্যে তাঁদের হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা, অপহৃতদের দ্রুত উদ্ধার, দস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক বনজীবীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

