কে এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি : মানুষের জীবনে সুখ-শান্তি আর তৃপ্তির সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কেউ অনেক কিছু পেয়েও সন্তুষ্ট হতে পারেন না, আবার কেউ সামান্য কিছু পেয়েই খুঁজে পান অফুরন্ত আনন্দ। তেমনই এক সহজ-সরল মানুষের নাম মনিরুল ইসলাম। ছোটবেলা থেকেই সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন হাটবাজার, মোকাম ও জনপদে তার চলাফেরা। জীবিকার তাগিদে দিনের পর দিন ঘুরে বেড়ালেও কারও কাছে হাত পেতে কিছু চাওয়ার অভ্যাস নেই তার।
নিরীহ, নিষ্পাপ ও সহজ-সরল স্বভাবের মনিরুলকে দেবহাটার বিভিন্ন এলাকায় অনেকেই চেনেন। নিজের মতো করে চলাফেরা করেন তিনি। কেউ স্বেচ্ছায় ভালোবেসে তাকে সামান্য কিছু দিলে হাসিমুখে তা গ্রহণ করেন। আর সেই সামান্য কিছু পাওয়ার পর তার মুখে যে নির্মল হাসি ফুটে ওঠে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
আমার ব্যক্তিগত দেখা ও অভিজ্ঞতায়, মনিরুলকে কখনো কারও কাছে হাত পেতে কিছু চাইতে দেখিনি। বরং কেউ স্বতঃস্ফূর্তভাবে কিছু দিলে কৃতজ্ঞতা ও আনন্দে তার মুখে যে হাসি দেখা যায়, তা যেন অনেক বড় প্রাপ্তির আনন্দকেও হার মানায়। পৃথিবীর অনেক সম্পদ কাউকে উপহার দিলেও হয়তো মনিরুলের সেই অকৃত্রিম হাসির মতো তৃপ্তি পাওয়া যাবে না।
মনিরুলের জীবন আমাদের সামনে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরে। আমরা প্রতিনিয়ত আরও বেশি পাওয়ার প্রত্যাশায় ছুটে চলি। অনেক কিছু অর্জন করার পরও মনের মধ্যে অপূর্ণতা থেকে যায়। অথচ মনিরুলের মতো মানুষ সামান্য প্রাপ্তিতেই আনন্দ খুঁজে নেন। তার এই সরলতা ও অল্পতে সন্তুষ্ট থাকার মানসিকতা আমাদের নতুন করে ভাবতে শেখায়।
সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাদের জীবনযাপন আমাদের নীরবে অনেক বড় শিক্ষা দেয়। মনিরুলও তেমনই একজন। তার প্রতি সহানুভূতি, ভালোবাসা ও মানবিক আচরণ আমাদের সবার দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী কেউ তাকে সহযোগিতা করলে সেটি যেন হয় সম্মান ও ভালোবাসার সঙ্গে, যাতে তার আত্মসম্মান অক্ষুণ্ন থাকে।
আসুন, মনিরুলের কাছ থেকে আমরাও অল্পতে সন্তুষ্ট থাকতে শিখি। জীবনে যা কিছু পেয়েছি, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ প্রকৃত সুখ শুধু সম্পদের মধ্যে নয়, বরং মনের তৃপ্তি, কৃতজ্ঞতা ও নির্মল হাসির মধ্যেও লুকিয়ে থাকে।
মনিরুলের মুখের সেই এক চিলতে হাসি যেন আমাদের মনে করিয়ে দেয়—সুখী হতে হলে অনেক কিছু পাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সন্তুষ্ট একটি মন।

