সাতক্ষীরা সদর উপজেলায় শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিশু ও যুববান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর বাস্তবায়নে এবং টের দেস হোমস (টিডিএইচ)-এর সহযোগিতায় পরিচালিত স্প্রিরিট-কল প্রকল্পের আওতায় সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য/সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল কমিটির সদস্য এবং স্প্রিরিট-কল প্রকল্পের শিশু ও যুব অংশগ্রহণকারীরা। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাস।
সভায় প্রকল্পের আওতায় ইতোমধ্যে শিশু ও যুবদের নেওয়া বিভিন্ন শিশু ও যুব বান্ধব ও উদ্যোগ উপস্থাপন করা হয় এবং শিশুদের নিজেদের অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতে চিহ্নিত সমস্যা এবং তার সমস্যা সমাধানে সেবাদাতাদের মাধ্যমে কি কি সমর্থন পাওয়া যায় তা আলোচনা করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি স্প্রিরিট-কল প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিশুদের ছোট ছোট উদ্যোগগুলো তাদের নিজেদের এলাকার বাস্তব সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি শিশুদের উদ্যোগ বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ইউনিয়ন পরিষদগুলোকেও শিশুদের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার এবং শিশু-কেন্দ্রিক বাজেটের আওতায় এসব উদ্যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি প্রকল্পটির বিশেষভাবে প্রশংসা করে বলেন, শিশু ও যুবদের খেলাধুলা, বিশেষ করে ফুটবল এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার মাধ্যমে বিভিন্ন জীবন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে তারা মাদক, নেশা ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের এলাকার ছোট ছোট সমস্যা সমাধানে উদ্যোগী হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
সভায় শিশু ও যুব প্রতিনিধিরা তাদের চিহ্নিত স্থানীয় সমস্যা, গৃহীত উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেন বর্তমানে শিশুরা মোবাইলের প্রতি আকৃষ্ট বেশি, এজন্য আমার ইউনিয়নে শিশুদের খেলাধুলার প্রতি আরো বেশি আগ্রহ সৃষ্টি করার জন্য তাদের সকল প্রকার খেলার উপকরণ প্রদান সহ শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উক্ত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর সাবরিনা জেসমিন। প্রেস বিজ্ঞপ্তি

