শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি খাল দীর্ঘ ৩২ বছর ধরে দখলে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। জনস্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে খালটি পুনঃখনন করা হলেও পরবর্তীতে জেলেখালি সরকারি খালের একটি অংশ পুনরায় অবৈধভাবে দখল করে বাঁধ দেওয়া এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠে।
স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে খালটি দখল করে অনুমোদনহীনভাবে মাছ চাষের অভিযোগ রয়েছে। এতে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি জলাবদ্ধতা ও ক্ষতির ঝুঁকিতে পড়ে।
বিষয়টি নিয়ে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এদিকে, খালটি উন্মুক্ত ও দখলমুক্ত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে B4RL প্রকল্পের পার্টনার সংস্থা সিডিও । খালের স্বাভাবিক পানি প্রবাহ, জনসাধারণের ব্যবহারাধিকার এবং স্থানীয় কৃষি ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এ অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে খালটি দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিটি স্থানীয় পর্যায়ে আরও জোরালো হয়ে ওঠে।
সমস্যাটি সমাধানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের স্মরণাপন্ন হন এলাকাবাসী। এরই প্রেক্ষিতে ড. মনিরুজ্জামান খালটি উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন এবং দখলদার ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১০টায় জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেখালি খাল উন্মুক্ত করার ঘোষণা দেন ড. মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হচ্ছে। শ্যামনগর উপজেলায়ও খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে। জেলেখালি খাল সকলের জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে জাল যার, জলা তার।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সিএনআরএসের ফিল্ড ম্যানেজার সরওয়ার হোসেন, ইউপি সদস্য দেবাশীষ মণ্ডল, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর খালটি উন্মুক্ত হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং কৃষিজমি ও স্থানীয় পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব পড়বে। তারা খালটি ভবিষ্যতে যাতে পুনরায় দখল বা বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি প্রত্যাশা করেন।

