প্রেস বিজ্ঞপ্তি : কলকাতার ঐতিহ্যবাহী নাট্যদল ‘সুন্দরম’ আয়োজিত আন্তর্জাতিক মৌলিক পূর্ণাঙ্গ বাংলা নাটক রচনা প্রতিযোগিতায় সান্মানিক পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের নাট্যকার আসাদুল ইসলাম। মনোজ মিত্র প্রকল্পিত এই প্রতিযোগিতার ৩৩তম বর্ষে (২০২৫) তার রচিত ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬:৩০ মিনিটে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার দীর্ঘ ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনো নাট্যকার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হলেন। উল্লেখ্য, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এবং পুরস্কারপ্রাপ্ত নাট্যকার আসাদুল ইসলাম—উভয়েরই জন্মস্থান বাংলাদেশের সাতক্ষীরায়।
‘ম্যাড থিয়েটার’-এর নাট্যকার আসাদুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “দীর্ঘ বছর থিয়েটারের সাথে যুক্ত থেকেও পুরস্কারের প্রত্যাশা নিয়ে কখনও কাজ করিনি। তবুও প্রথম আন্তর্জাতিক এই স্বীকৃতি আনন্দের, যা সহযোদ্ধা নাট্যকর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
বাংলাদেশের নাট্যাঙ্গনের জন্য এই বিরল অর্জনকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

