অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে এ হামলা চালান। রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বলে জানানো হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় বলেও জানা গেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে হামলা, অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।#

