অনলাইন ডেস্ক : পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের পর বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় এসব ঘটনা ঘটে। অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। পরে তারা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দফায় দফায় ককটেল বিস্ফোরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সূত্রে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল পোড়ানোর তথ্য পাওয়া গেছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।
শরীয়তপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম এলাহী বলেন, সকালে পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম সিপাহি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি হাফিজুদ্দিনের ছেলে। তবে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে আগুনের দৃশ্যও দেখা গেছে।
এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার ঘটনাও সামনে এসেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সেই পরিপ্রেক্ষিতে সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

