দেবহাটা প্রতনিধি : দেবহাটা উপজেলার একটি ভাড়াটিয়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান বর্তমানে দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং স্থানীয় একটি তেলের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে তিনি বাসায় তালা দিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে নিজ এলাকায় যান। পরদিন ১৪ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরের নিচতলার গ্রিল ও দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করেছে।
তিনি দাবি করেন, ঘরের ট্রাংক থেকে প্রায় ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ২ ভরি ওজনের দুটি স্বর্ণের হার (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ১ ভরি ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা), ১ ভরি ওজনের তিন জোড়া স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা), ৮ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে।

