প্রেস বিজ্ঞপ্তি :
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদে “লবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশের প্রভাব প্রতিরোধ” শীর্ষক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এনগেজ প্রকল্প(BARCIK-ENGAGE)-এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। সংলাপে উপস্থিত ছিলেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার রোকসানা পারভীন, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সুশীল সমাজ সংগঠনের সদস্যরা।
সংলাপে বক্তারা আটুলিয়া ইউনিয়নের ক্রমবর্ধমান লবণাক্ততা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণ পানি অনুপ্রবেশের ফলে কৃষিজমি, পানীয় জলের উৎস এবং স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে।
বক্তারা আরও উল্লেখ করেন, লবণাক্ততা সমস্যা শুধুমাত্র একটি পরিবেশগত সংকট নয়, বরং এটি একটি গভীর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। বিশেষ করে কৃষক, জেলে ও নিম্নআয়ের জনগোষ্ঠী এ সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংলাপে লবণ পানি অনুপ্রবেশ রোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
টেকসই ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি চালু করা ,মিঠা পানির উৎস সংরক্ষণ ও পুনরুদ্ধার, অবৈধভাবে লবণ পানি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ,স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণ।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, “সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনগণের অংশগ্রহণ ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।”
বারসিকের এরিয়া অফিসার রোকসানা পারভীন তার বক্তব্যে বলেন, “লবণাক্ততা দূরীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বক্তারা সতর্ক করে বলেন, সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ অঞ্চলের মানুষ তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা হারানোর ঝুঁকিতে পড়বে। তাই দ্রুত ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. শরিফুল ইসলাম।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা লবণাক্ততা সমস্যা মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

