নিজস্ব প্রতিনিধি: সারাদেশব্যাপী হাম-রুবেলা নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২০ এপ্রিল থেকে সাতক্ষীরায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে জেলা পর্যায়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জয়ান্ত সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাতক্ষীরা জেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলাজুড়ে মোট ২ হাজার ৪১৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, হাম ও রুবেলা রোগ নির্মূলে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণের আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

