প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে জনগণকে সচেতন করার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাধের মুখ মন্দির প্রাঙ্গনে এই ব্যাতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা আনন্দ। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেড ও ওয়েল্থহাঙ্গারহিলফে এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি, সাধারণ জনগণ এবং উন্নয়ন সংস্থা আনন্দ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনন্দ এর ট্রেনিং অফিসার মি: রুমন বড়ুয়া এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান ও পটচিত্র প্রদর্শনী। ছবি, নাটক ও পট গানের মাধ্যমে নিরাপদ পানি, অনিরাপদ পানি খাওয়ার ক্ষতিকারক দিক, খোলা স্থানে মলত্যাগের ক্ষতিকারক দিক, ব্যক্তিগত ও পারিবারিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিল্পীরা অত্যন্ত দক্ষতার সাথে আনন্দ বিনোদনের মাধ্যমে এই পটগান ও পটচিত্র প্রদর্শন করে মানুষের ভিতরে ব্যাপক সচেতনতা তৈরি করবে বলে আশা করা যাচ্ছে।
এই পটগান ও পটচিত্র প্রদর্শনী সচেতনতামূলক বার্তাগুলোকে আরো সহজে মানুষের কাছে পৌছে দেয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই সচেতনতামূলক কার্যক্রমটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের মতে , এই উদ্যোগ একটি সুস্থ ও স্থিতিস্থাপক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

