কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এখনও এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তার। এরপর বিষয়টি তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা উদ্ধার করে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে পরিত্যাক্ত অবস্থায় দুটি অবিস্ফোড়িত ককটেল উদ্ধার করা হয়েছে। সম্ভবত রাতে কেউ অফিসের সামনে রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

