প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী বাঁধনডাঙ্গা মাঠে আজ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি দেখতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রওশন আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, দিদারুল ইসলাম খোকা, মোঃ হযরত আলী, মোঃ একরামুল কবির ও আতাউর রহমান (সজল) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন টেলিমিডিয়ার সহকারী পরিচালক মোঃ আসিফুল আলম (আসিফ)।
প্রতিযোগিতায় প্রায় ২০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে প্রথম স্থান অর্জন করেন ‘সাতক্ষীরা এক্সপ্রেস’-এর স্বত্বাধিকারী মোঃ আসাদুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করে ‘ময়না’ নামে পরিচিত ঘোড়াটি, যার মালিক মহাজন মোঃ রবিউল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেন মোঃ রুহুল আমিন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশেষ অতিথি মোঃ আসিফুল আলম (আসিফ) বলেন, “ঘোড়দৌড় গ্রামবাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা। সময়ের পরিবর্তনে আমাদের এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এ ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে যুবসমাজ যেমন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, তেমনি আমাদের ঐতিহ্যও সংরক্ষিত থাকবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

