কে এম রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি : মানবিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা প্রসার এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ ও প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন।
শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকমাহমুদালীপুর হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন (ময়না)। তিনি ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষা, মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে মতবিনিময় করা হয়। আলহাজ্ব মঈনুদ্দিন ময়না সংগঠনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি নিয়মিতভাবে শিক্ষা সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, খাদ্য ও শিক্ষা-সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সকল মানবিক উদ্যোগের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তাআলার দরবারে সংগঠনের সকল নেক প্রচেষ্টা কবুল হওয়ার জন্য প্রার্থনা করা হয়।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক কল্যাণে নিবেদিত ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী এ ধরনের মহতী উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

