নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে র্যাপিড রেসপন্স স্কোয়াড (আরআরএস)-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) সদর উপজেলার ম্যানগ্রোভ কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
‘রাইটস যশোর’এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ এর কারিগরি ও আর্থিক সহায়তায় “ বাংলাদেশে শিশু যৌন পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার করা প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ঘোনা ও শিবপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাইটস যশোরের পক্ষে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান। বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সোশ্যাল মোবিলাইজার সালমা আক্তার।
প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা ও আলোচনায় বক্তারা শিশু যৌন পাচার এবং শোষণ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। র্যাপিড রেসপন্স স্কোয়াডের দায়িত্ব ও কর্তব্য পালনে ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিতকরণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের দ্রুত প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা ব্যবস্থার সাথে সংযুক্ত করার তাগিদ দেওয়া হয়।
একইসঙ্গে শিশু সুরক্ষায় ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ব্রহ্মরাজপুর, ঘোনা ও শিবপুর ইউনিয়নের প্রতিনিধিরা শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন।

