নিজস্ব প্রতিনিধি ঃ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় সমাপ্ত হলো ঐতিহ্যবাহী ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’। রোববার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল খেলায় কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আশাশুনি উপজেলা দল।
খেলা শেষে স্টেডিয়াম মাঠে আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহবায়ক এএইচএম রহতুল্লাহ পলাশ, সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ন আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, বিএনপি নেতা আব্দুর রউফসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, ফাইনাল ম্যাচকে কেন্দ্র্র করে দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় ফুটবলপ্রেমী মানুষের ঢল নামে। খেলা শুরুর আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক পুরো ম্যাচ জুড়ে দুই দলকেই করতালি ও উন্মাদনায় উৎসাহিত করেন।
মাঠের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৫-৩ গোলে কালিগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে ট্রফি ছিনিয়ে নেয়।
খেলায় বক্তারা বলেন, সাতক্ষীরার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সম্প্রতিক সময়ের কোন খেলায় এত দর্শকের উপস্থিতি চোখে পড়েনি। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ম্যাচটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও দর্শক সমাজকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

