দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলায় দীর্ঘ ১৭ বছর ধরে সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আলাউদ্দিন নামের এক পত্রিকা বিক্রেতা।
জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই চলছে তার সংসার। সামান্য আয়ে ছেলে, মেয়ে, স্ত্রী ও নাতিসহ পুরো পরিবারকে নিয়ে খালের উপর নির্মিত ছোট্ট একটি ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন তিনি। কষ্ট, অভাব আর অনিশ্চয়তার মধ্যেও থেমে নেই তার সংগ্রাম। পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় প্রতিদিন ভোরে বেরিয়ে পড়েন পত্রিকা বিক্রির কাজে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রতিদিন সংবাদপত্র বিক্রি করেন আলাউদ্দিন। একসময় পত্রিকার ব্যাপক চাহিদা থাকলেও প্রযুক্তির এই যুগে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে কাগজের পত্রিকার বিক্রি অনেকটাই কমে গেছে। ফলে আগের তুলনায় আয়ও কমে এসেছে। তারপরও দীর্ঘদিনের এই পেশা ছাড়েননি তিনি।
খালের উপর ছোট্ট টিনশেড ঘরটিই এখন তার পরিবারের একমাত্র আশ্রয়স্থল। বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে চরম আতঙ্কে থাকতে হয় পরিবারটিকে। ঝড়-বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। অনেক সময় নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। তবুও আর্থিক অসচ্ছলতার কারণে অন্য কোথাও থাকার সুযোগ হয়নি আলাউদ্দিনের।
আলাউদ্দিন বলেন, “পত্রিকা বিক্রি করেই সংসার চালাই। এখন আগের মতো আয় হয় না। তারপরও পরিবারকে নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছি। ছেলে-মেয়ে ও নাতিদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করি।”
স্থানীয় বাসিন্দারা জানান, আলাউদ্দিন একজন সৎ, পরিশ্রমী ও নিরহংকার মানুষ। দীর্ঘদিন ধরে তিনি দেবহাটা উপজেলায় সংবাদপত্র বিক্রি করে আসছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনও মানবেতর জীবনযাপন করছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা পেলে পরিবারটি একটু স্বস্তির জীবন পেতে পারে বলে মনে করছেন তারা।
জীবনের সঙ্গে নিরন্তর লড়াই করা এই মানুষটির গল্প যেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। শত অভাব-অনটনের মাঝেও হার না মেনে পরিবারের দায়িত্ব পালন করে যাচ্ছেন আলাউদ্দিন। মানবিক সহায়তা ও সমাজের সহযোগিতা পেলে হয়তো একদিন তার পরিবারেও স্বস্তি ও হাসির আলো

