নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক নাসিম ফকির (৩৬) ও আরোহী মেহেদী (১৮)।
উভয়ই তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম ফকির প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে এবং মেহেদী একই গ্রামের হাফিজুল ফকিরের ছেলে। তারা দু জন সর্ম্পকে দাদা-নাতী।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে আরোহী ছিলেন মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে যায় বলে জানান স্থানীয় বাসিন্দা ফয়সাল। ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়।
আহত মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে খুলনা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

