নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সীমান্তে বিএসএফএর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন সীমান্তে ঘটনাটি ঘটেছে তা নিয়ে ভিন্ন মতামত পাওয়া গেছে। কোন সূত্র বলছে কালিগঞ্জে বসন্তপুর আবার কেউ কেউ বলছেন সদরের কুশখালী সীমান্তে এঘটনা ঘটেছে।
বুধবার (০৩ জুন) রাত দুইটার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী জানান, তারা ভারতে রাজমিস্ত্রির কাজ করতো। গত কয়েকদিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবে। আজ সকালে একটি মাইক্রোতে করে তাদের নলতা এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে আমরা তাদের হাসপাতালে ভর্তি করি।
আহত শাহীন গাজী জানান, দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিল। গতকাল রাতে তাদের কোন এক সীমান্তের পাঠবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা আর কিছু জানে না।
সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল রাজিব শাহরিয়ার বলেন গতকাল রাতে আমি নিজে বসন্তপুর সীমান্তে বাঁশঝাড়িয়া এলাকায় ছিলাম। সেখানে এমন কোন ঘটনা ঘটেনি। আপনারা আহতদের সাথে কথা বলেন তাহলে বিস্তারিত জানা যাবে।
এদিকে,সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে:কর্ণেল আশিকুর রহমান চৌধুরী বলেন, ঘটনা তদন্তের বিষয়। আমরা খোজ খবর নিচ্ছি। কোন সীমান্তে সেটি তিনিও নিশ্চিত করেনি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কোন সীমান্তে ঘটেছে। এটা নিশ্চিত না।

